ঢাকার দুই সিটিতে মেয়র হওয়ার দৌড়ে বিএনপির দুই প্রশাসক, নেতৃত্বে নতুন দায়িত্ব

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসককে মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বে বসিয়েছে দলটি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। অন্যদিকে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক করা হয়েছে দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম কে।
দলের ভেতরে এই সাংগঠনিক নিয়োগকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের মেয়র পদে মনোনয়নের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সাংগঠনিক দায়িত্ব পাওয়া মানেই নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত হওয়া নয়।
দলীয় সূত্রের ভাষ্য, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মহানগর বিএনপির নেতৃত্ব পাওয়ায় রাজধানীতে দুই নেতার রাজনৈতিক অবস্থান আরও জোরালো হলো। এতে নগরবাসীর সঙ্গে যোগাযোগ এবং দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করার দায়িত্বও তাঁদের ওপর বাড়ল।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ শফিকুল ইসলাম খান ও আবদুস সালামকে যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয়।
গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়। দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচনে নিজের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে শফিকুল ইসলাম খান রোববার নিউজ24বাজ কে বলেন, ‘নির্বাচন তো আমি করব, দল তো আমাকে কোনো না কোনোভাবে সংকেত দিয়েছে।’ তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নির্দেশনা অনুযায়ী হবে বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন তিনি। পরে তাঁকে ঢাকা উত্তর সিটির প্রশাসক করা হয়।
এদিকে উত্তর বিএনপির কমিটি ঘোষণার এক সপ্তাহ পর রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চার সদস্যের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।
আগের কমিটির আহ্বায়ক রফিকুল আলম (মজনু) নতুন কমিটিতে স্থান পাননি। তিনি ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সাইফুল ইসলাম ও তানভীর আহমেদ তাঁদের আগের দায়িত্বেই বহাল রয়েছেন।
আবদুস সালাম এর আগেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এবং ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। ওই নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন।
দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে, আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আবদুস সালাম। তবে নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত দলের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
রোববার নিউজ24বাজ কে আবদুস সালাম বলেন, মহানগরের দায়িত্ব পাওয়ায় জনগণের কাছে তাঁদের জবাবদিহি বেড়েছে। মেয়র পদে নির্বাচন করবেন কি না, তা দলই ঠিক করবে। আপাতত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই তাঁর অগ্রাধিকার।
অন্যদিকে, ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। উত্তরে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে দলটি। গত ৪ অক্টোবর রাজধানীর মধুবাগে এক অনুষ্ঠানে তাঁদের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির শফিকুর রহমান।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অবশ্য সাংগঠনিক কমিটি গঠন ও নির্বাচনী প্রার্থী মনোনয়নকে পৃথক প্রক্রিয়া হিসেবে দেখছেন। রোববার নিউজ24বাজ কে তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। অন্যদিকে নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা ও জনগ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়। দুই সিটি প্রশাসকের নতুন দায়িত্বকে মেয়র পদে মনোনয়নের আগাম সংকেত হিসেবে দেখা হচ্ছে কি না, সে বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন নয় বলে জানান তিনি।
























