আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ২১ পোশাক কারখানা বন্ধ, ৯টিতে ছুটি ঘোষণা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ২১ পোশাক কারখানা বন্ধ, ৯টিতে ছুটি ঘোষণা
সাভার ও আশুলিয়ায় প্রায় ৯০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছবি: কালবেলা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৯টি তৈরি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়ে কাজে যোগ না দিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি ও ভাঙচুরের আশঙ্কায় মালিকপক্ষ ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

সাধারণ ছুটি ঘোষিত কারখানাগুলোর মধ্যে হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন এবং স্টারলিং গ্রুপের একটি কারখানা রয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও জানান, তিনটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অস্থিরতার পরিপ্রেক্ষিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


Leave a Comment