‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে আপত্তি, অপসারণ চায় এনসিপি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে আপত্তি, অপসারণ চায় এনসিপি
Jatiyo Nagorik Party Emblem Banner

নিজস্ব প্রতিবেদক

সরকারের অনুমতি পেলে প্রয়োজনে ক্রসফায়ার করার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাঁর অপসারণ দাবি করেছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে এনসিপি বলেছে, সরকারের অনুমতি থাকলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বৈধতা পায় না। আইজিপির এমন বক্তব্য সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। দলটির আশঙ্কা, এ ধরনের মন্তব্য পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে।

এনসিপি আরও বলেছে, বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার ১৪ নম্বর দফায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমান সরকারের নিয়োগ দেওয়া পুলিশপ্রধানের বক্তব্য সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে ১৫ বছরের বেশি সময়ের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ তুলে এনসিপি বলেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল এসব চর্চার অবসান। এমন পরিস্থিতিতে পুলিশের শীর্ষ পর্যায় থেকে ক্রসফায়ারের পক্ষে বক্তব্য দেওয়া উদ্বেগজনক।

দলটির মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ঢাকতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলা কোনো গ্রহণযোগ্য সমাধান নয়। বরং এতে আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহি ও মানবাধিকার সুরক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

এনসিপি আরও দাবি করেছে, বেআইনি সরকারি নির্দেশ পালন করতে পুলিশ বাধ্য নয়। পুলিশ বাহিনীকে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে জুলাই সনদের আলোকে অবিলম্বে পুলিশ কমিশন গঠনেরও আহ্বান জানিয়েছে দলটি।


Leave a Comment