২৭ অক্টোবর ঢাকায় আলোচনা সভা, পরদিন দেশজুড়ে কর্মসূচি জামায়াতের

২৭ অক্টোবর ঢাকায় আলোচনা সভা, পরদিন দেশজুড়ে কর্মসূচি জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামী – ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতার বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে গোলাম পরওয়ার ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, ওই ঘটনার মধ্য দিয়ে দেশে দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদ, গণতন্ত্রের অবক্ষয় ও নাগরিক অধিকার হরণের পথ তৈরি হয়েছিল।

ঘটনার প্রায় দুই দশক পার হলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি দাবি জানান তিনি।

দলটির বিবৃতি অনুযায়ী, ২৮ অক্টোবর দেশের সব জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।

কর্মসূচি বাস্তবায়নে দলের সব শাখাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।


Leave a Comment