দেশজুড়ে নাশকতা-সহিংসতা, গোপালগঞ্জে থানায় হামলা ও অগ্নিসংযোগ
১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ৫৯টি ককটেল বিস্ফোরণ; ঢাকায় ৫০ জন গ্রেপ্তার, পাবনায় উদ্ধার ৭৭টি সন্দেহভাজন বিস্ফোরক

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গোয়েন্দা সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠনের মাধ্যমে সরকারি কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনা করছেন।
এদিকে গত ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ৪৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় পুলিশের একটি গাড়ি ও দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) কামরুম মুনীরা।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সাইবার নজরদারি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনটির ৫০ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে পাবনার একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে ৭৭টি ককটেলসদৃশ বস্তু ও গানপাউডার উদ্ধারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
ঢাকায় একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিন পথচারী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের বাইরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মানিক মাহমুদ জানান, বিস্ফোরণের সময় বিআরটি উড়ালসড়কের নিচে দাঁড়িয়ে থাকা তিন পথচারীর পায়ে সামান্য আঘাত লাগে। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
এর আগে সোমবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে উত্তরা জসীমউদ্দীন এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেখানে কেউ আহত হননি। দুটি ঘটনার কোনোটিতেই তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার রাত পৌনে ১২টার দিকে সাতরাস্তার আকিজ পেট্রলপাম্পের পাশেও দুটি ককটেল বিস্ফোরিত হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এতে কেউ হতাহত হননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
একই দিন রাত ৯টার দিকে শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ বাসস্ট্যান্ডে রাজধাণী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ট্রাফিক পরিদর্শক আল আমিন জানান, বাসের যাত্রী, চালক ও সহকারী নিরাপদে বের হতে সক্ষম হন। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুর মডেল থানার আওতাধীন এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১টার দিকে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টিলের ফটকে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী দুই ব্যক্তি। তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কয়েক মিনিটের মধ্যে আগুন নিভে যায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে ফটকে আগুন দিতে দেখা গেছে। তাঁদের শনাক্ত করতে ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
নাটোর ও গাইবান্ধায় বিস্ফোরণের ঘটনা
নাটোরের বাগাতিপাড়ায় সোমবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ের বারান্দায় তেলমাখা কাপড়যুক্ত তিনটি বোতল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোতলগুলোর মধ্যে দুটি ছিল কোকাকোলার কাচের বোতল।
প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী নাসির উদ্দিন জানান, বোতল ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, উদ্ধার করা বস্তুগুলো পেট্রলবোমা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেগুলোতে আগুন দেওয়ার চেষ্টার আলামত রয়েছে।
অন্যদিকে, গাইবান্ধার সাদুল্লাপুরে সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
ঢাকায় ৫০ জন গ্রেপ্তার, পাবনায় উদ্ধার ৭৭টি সন্দেহভাজন বিস্ফোরক
ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার আখতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনটির ৫০ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে মশাল, ককটেলসদৃশ বস্তু ও লাঠি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মশাল মিছিল ও ককটেল হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
এদিকে, পাবনার সাঁথিয়ায় রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেলসদৃশ বস্তু ও গানপাউডার উদ্ধার করেছে এসআরবি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
এসআরবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানি সরকার জানান, ওই ভবনে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক তৈরি হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর কয়েক দিন ধরে সেখানে নজরদারি চলছিল।
উদ্ধার করা বস্তুগুলো দেখে সেগুলো পেশাদারভাবে তৈরি বলে মনে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় হামলা, পুলিশের গাড়িতে আগুন
নতুন করে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নাশকতার অভিযোগে ১০ ও ১৫ নভেম্বর গ্রেপ্তার হওয়া কয়েকজনকে ছাড়িয়ে নিতে সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা থানাটি ঘিরে ফেলেন।
পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা ধাওয়া করলে পুলিশ সদস্যরা পিছু হটেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এরপর হামলাকারীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল ভাঙচুর করেন এবং পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ভোর ১টা থেকে সকাল ৬টার মধ্যে যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি সদর দপ্তর।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে ঢাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জের তিন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে এসআরবি। তাঁদের মধ্যে রয়েছেন কাশিয়ানী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)। অন্য দুজন হলেন মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস জানান, গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ সংগঠনের সদস্য। তুহিন আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ড ইউনিটের সাবেক যুগ্ম আহ্বায়কও ছিলেন।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের আট প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি।
গোপালগঞ্জে আগের হামলার রেশ, স্কুলে ছাত্রলীগের স্লোগান
মঙ্গলবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জ শহরের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। আওয়ামী লীগের কোনো মিছিলের খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় পুলিশ মোতায়েন ছিল। বিজিবির সাঁজোয়া যানও বিভিন্ন এলাকায় টহল দেয়। এ সময় দোকানপাট ও আন্তজেলা পরিবহন চলাচল স্বাভাবিক ছিল।
তবে টুঙ্গিপাড়ার নিলফা বোয়রা উচ্চবিদ্যালয়ে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী প্রবেশ করেন। কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে তাঁরা স্লোগান দেন এবং প্রধান শিক্ষকের কক্ষের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, তিনি পরে ঘটনাটি জানতে পেরেছেন। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
রোববারের সহিংসতার পর থেকেই গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেদিন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের একটি গাড়ি, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের অভিযোগ ওঠে।
পরে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, কয়েকটি দোকান এবং উপজেলা যুবদল কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলার শিকার হয় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ও।
সোমবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে সভা করেন।
ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি গুজব এড়িয়ে চলার আহ্বান জানান।
গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন
এদিকে মঙ্গলবার রাত ৮টার দিকে গাজীপুরের জয়দেবপুরের ছায়াবীথি জোড়পুকুরপাড় এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে কারা আগুন দিয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।























