কাজ হারানোর আতঙ্কে পারিশ্রমিক ছাড়াই অভিনয়, ক্যারিয়ারের কঠিন দিনগুলোর কথা জানালেন রাধিকা আপ্তে

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কাজ হারানোর আশঙ্কায় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি। সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে এমন অনেক কাজ গ্রহণ করেছিলেন, যেগুলোতে অভিনয়ের বিষয়ে পরে আর আগ্রহ বোধ করেননি।
প্রায় দুই দশকের অভিনয়জীবনে ‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধাধুন’, ‘স্যাক্রেড গেমস’ ও ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন রাধিকা। সম্প্রতি নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’য় অভিনয় করেছেন তিনি। নতুন সিরিজের প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অনিশ্চয়তা, পেশাগত সিদ্ধান্ত এবং মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অভিনেত্রী।
রাধিকার ভাষ্য, ক্যারিয়ারের প্রথম দিকে কাজ পাওয়ার তাগিদ এতটাই বেশি ছিল যে অনেক সময় নিজের পছন্দকে গুরুত্ব দিতে পারতেন না। কোনো প্রস্তাব ফিরিয়ে দিলে ভবিষ্যতে আর সুযোগ না পাওয়ার ভয় কাজ করত। এমনকি পারিশ্রমিক ছাড়াও অভিনয় করতে রাজি হয়েছিলেন তিনি।
অতীতের সেই মানসিকতার কথা উল্লেখ করে রাধিকা বলেন, “আমার সেই ক্ষুধা এখন আর নেই। তবে এটা ভালোই হয়েছে। কারণ, এই তাড়নায় এমন অনেক কাজ করেছি, যা এখন আর করতে চাই না। এখন কোনো কাজকে সহজেই না বলতে পারি।”
অভিনয়ের প্রতি আগ্রহ এখনো অটুট থাকলেও কাজ পাওয়ার জন্য আগের মতো মরিয়া নন তিনি। অভিনেত্রীর মতে, বিনোদন জগতে কাজের নিশ্চয়তা নেই। একটি কাজ শেষ হওয়ার পর পরবর্তী সুযোগ কখন আসবে, তা কেউ জানেন না। পাশাপাশি নিজেকে নিয়মিত প্রাসঙ্গিক রাখার চাপও রয়েছে। কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সেটি সফল হলে সুযোগ হারানোর আক্ষেপ তৈরি হতো। এসব অনিশ্চয়তাই একসময় সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তুলেছিল।
মাতৃত্বও রাধিকার ব্যক্তিগত ও পেশাগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। সন্তান জন্মের মাত্র এক সপ্তাহের মধ্যে কাজে ফেরার পরিকল্পনা থাকলেও বাস্তব অভিজ্ঞতায় সেই ভাবনা বদলে যায়। তিনি মনে করেন, আবার মা হওয়ার সুযোগ এলে সন্তানের সঙ্গে সময় কাটাতে কাজ থেকে কিছুদিন বিরতি নিতেন। তাঁর উপলব্ধি, সন্তানের বেড়ে ওঠার সময় দ্রুত চলে যায়। একই সঙ্গে সন্তান লালন-পালন ও পেশাগত দায়িত্ব সামলানো শারীরিক এবং মানসিকভাবে কঠিন।
নিজের কাছে শক্তির অর্থ কী, এমন প্রশ্নের উত্তরে রাধিকা বলেন, প্রয়োজনের সময় নিজের পক্ষে কথা বলা এবং স্পষ্টভাবে ‘না’ বলতে পারাই তাঁর কাছে আত্মবিশ্বাসের প্রকাশ। তবে জীবনের সব পরিস্থিতিতে তিনি তা করতে পারেননি। অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অন্যের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পরে সেই সিদ্ধান্ত নিয়ে অস্বস্তিতে ভুগেছেন, এমনকি ঘুমও হারিয়েছেন। তাঁর মতে, নিজের অবস্থান স্পষ্ট করার সাহস তৈরি করতে সময় লাগে, তবে সেই সক্ষমতা আত্মবিশ্বাস বাড়ায়।
বাস্তব জীবনে সহিংসতার বিরোধী রাধিকা আপ্তে। পর্দায় সহিংস দৃশ্য দেখতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি। তবে ‘আক্কা’য় সংঘাতের দৃশ্যগুলো গল্পের প্রয়োজনেই রাখা হয়েছে বলে মনে করেন অভিনেত্রী। তাঁর ব্যাখ্যা, সিরিজটির মূল বিষয় উত্তরাধিকার ও ক্ষমতার লড়াই। সেই ক্ষমতা এবং উত্তরাধিকার টিকিয়ে রাখার প্রচেষ্টাই গল্পে সংঘাতের জন্ম দিয়েছে।
‘আক্কা’য় নিজের চরিত্র নিয়েও সন্তুষ্ট রাধিকা আপ্তে। তাঁর কাছে চরিত্রটি আকর্ষণীয় ও স্টাইলিশ। একই সঙ্গে এটি তাঁর অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা, কারণ এ ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করেননি তিনি।


























