মুক্তিযুদ্ধের চেতনায় মর্যাদাশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তাঁর বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখা সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মাননা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদানের মূল্যায়ন করে তারেক রহমান বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীকসহ বিভিন্ন খেতাব তাঁদের বীরত্বের স্বীকৃতি। তবে এসব উপাধির ঊর্ধ্বে রয়েছে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের ঐতিহাসিক গৌরব।
তিনি বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য নারীর আত্মত্যাগ এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। প্রধানমন্ত্রী এ জন্য মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সংবর্ধনাকে সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের প্রতি তার দায়বদ্ধতা পালনের চেষ্টা করছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অর্জন তাঁর কাছেও গর্বের বিষয়। স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
বিএনপি সরকারের অতীত উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ২০০১ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। পরের বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হলেও তাঁদের মধ্যে স্বাধীনতার চেতনা এখনো অমলিন।
শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
























