আওয়ামী লীগ এর ফেরার সুযোগ নেই, পার্বত্য অঞ্চলে ৫ বছরে নিহত ৩১৬’: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের চতুর্থ দিনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে দেশে নতুন করে কোনো ধরনের জনতা-সহিংসতা বা মব সৃষ্টির সুযোগ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আগুনসন্ত্রাস দীর্ঘদিনের রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসী হামলা থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো পদক্ষেপ নেয়নি। তবে সরকারের এই সংযমকে পতিত ফ্যাসিবাদী শক্তি দুর্বলতা হিসেবে দেখছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান সরকারের আমলে কাউকে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গোপন বন্দিশালায় আটকে রাখার ঘটনা ঘটবে না।
এদিকে সংসদে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক লিখিত প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন—এর মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি, বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা নথিভুক্ত হয়েছে।
পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদারে ‘অপারেশন উত্তরণ’ নামে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

























