সাত দফা দাবি তে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শুরু

সাত দফা দাবি তে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শুরু
ছবি: সংগৃহীত

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গাড়িবহরটি যাত্রা শুরু করে।

এর আগে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের সূচনা বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের দাবি আদায় এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের চাপ তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। অবিলম্বে সংবিধান সংস্কার কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী।

ঐক্যের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় অনুযায়ী আইনি প্রক্রিয়ায় সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট নিরসন এবং প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বন্ধ। এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিও রয়েছে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, প্রায় ৪১০ কিলোমিটারের এ লংমার্চ শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় প্রবেশ করবে। এরপর যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে অংশগ্রহণকারীদের।

পথে ছয়টি স্থানে পথসভা আয়োজনের সূচি রয়েছে। এর মধ্যে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনার বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বর এবং যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনাল রয়েছে। আয়োজকদের সূচি অনুযায়ী, রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ায় সমাপনী জনসভা হওয়ার কথা।

আগের দিন এক সংবাদ সম্মেলনে লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ এবং সাত দফা দাবি আদায়ের উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

লংমার্চের কারণে মহাসড়কে যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে দুঃখ প্রকাশ করেছেন পরওয়ার। জনদুর্ভোগ কমাতে সড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করা হবে বলে জানান তিনি।


Leave a Comment