বাংলাদেশের পোশাকশিল্প খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, বিদেশে সরল ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার প্রভাব ক্রমেই গভীর হচ্ছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে খাতটিতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। একই সময়ে বাংলাদেশের নিশ্চিত ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য প্রকাশ করেছে।
সংগঠনটি জানায়, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরতে জরুরি ভিত্তিতে সদস্য কারখানা গুলোর ওপর চার দিনব্যাপী জরিপ চালানো হয়। এতে ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। অস্থির পরিস্থিতির কারণে এসব কারখানায় এক থেকে ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
জরিপে অংশ নেওয়া কারখানা গুলোর উৎপাদন ব্যাহত হওয়ার ফলে এ পর্যন্ত ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য হিসেবে হিসাব করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে চাপে পড়েছেন রপ্তানিকারকরা। ক্রয়াদেশ ধরে রাখতে অনেক কারখানাকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।
বিজিএমইএর জরিপ অনুযায়ী, ক্রেতারা ইতোমধ্যে বাংলাদেশের নিশ্চিত ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে স্থানান্তর করেছেন। এসব ক্রয়াদেশের আনুমানিক বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
তবে জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণকে চূড়ান্ত চিত্র হিসেবে দেখছে না সংগঠনটি। বিজিএমইএর দাবি, তাদের আওতাভুক্ত ৬০০টিরও বেশি কারখানা অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্বল্প সময়ের মধ্যে জরিপ পরিচালনা করায় তথ্য দিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা।
এ ছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হলেও শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিকভাবে পোশাক খাতের আর্থিক ক্ষতির পরিমাণ প্রকাশিত হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে বিজিএমইএ।



























