জাতীয় স্টেডিয়ামে অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী, নজরদারিতে নিরাপত্তাকর্মীরা

জাতীয় স্টেডিয়ামে অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী, নজরদারিতে নিরাপত্তাকর্মীরা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক – ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামসহ দেশের ক্রীড়া স্থাপনা গুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে নিরাপত্তাকর্মীদের জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা অনৈতিক সুবিধা গ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাঁদের মধ্যে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেন।

আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকায় মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখলের মতো সমস্যা রয়েছে। এসব নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি জানান, নিরাপত্তাকর্মীদের স্বতন্ত্র পরিচিতি ও দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে নতুন পোশাক ও সরঞ্জাম দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে গাফিলতি এবং কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলো নজরদারিতে রাখা হবে। একই সঙ্গে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাস দেন তিনি।

স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কারের পরিকল্পনার কথা জানান তিনি। দেশের ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জন, স্বাধীন বাংলা ফুটবল দল এবং আইসিসি ট্রফি জয়ের স্মৃতি ও কৃতী খেলোয়াড়দের অবদান তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আমিনুল হক।

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে স্টেডিয়ামের পরিবেশ উন্নয়নে নতুন কার্যক্রমের সূচনা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।


Leave a Comment