আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলার নেপথ্য নিয়ে শিল্পীর সন্দেহ

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলার নেপথ্য নিয়ে শিল্পীর সন্দেহ
সংগীতশিল্পী আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। শিল্পীর ধারণা, তাঁর দৈনন্দিন যাতায়াতের সময়সূচি জানত হামলাকারীরা। তবে ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আঘাত লাগেনি বলে মনে করছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফের গাড়িতে গুলির ঘটনা ঘটে। পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, ভোর পৌনে ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনার সময় নিজের কার্যালয়ে ছিলেন বলে জানিয়েছেন আসিফ। তাঁর ভাষ্য, সিসিটিভি ফুটেজে তিনি নিজের মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখেছেন। ওই ব্যক্তিকে তাঁকে ভেবে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাঁর কাছে নেই।

আসিফ বলেন, তিনি সাধারণত রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অফিসে যান এবং ফজরের নামাজের আগে বা পরে বাসায় ফেরেন। হামলাকারীরা এই সময়সূচি জানত বলে মনে করেন তিনি। ঘটনার সময় ছেলের সঙ্গে কথা বলায় অফিসে কিছুটা বেশি সময় ছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী।

ঘটনার পর পুলিশ কর্মকর্তারা তাঁর সঙ্গে কথা বলেছেন এবং তদন্ত চালাচ্ছেন বলে জানান আসিফ। তিনি আরও বলেন, শারীরিকভাবে ভালো আছেন এবং কাউকে সন্দেহ করার মতো নির্দিষ্ট কোনো তথ্য তাঁর কাছে নেই।

এদিকে, আসিফের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের কয়েকজন। চিত্রনায়ক ওমর সানী ঘটনাটিকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

কে বা কারা, কী উদ্দেশ্যে গুলি ছুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


Leave a Comment