আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ চান জামায়াত আমির

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ চান জামায়াত আমির
বক্তৃতা করছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: চ্যানেল 24

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকটি পরিচালনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে নির্বাহী পরিষদের সদস্যসহ কর্মপরিষদের নেতারা অংশ নেন।

শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলো উদ্বেগজনক। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যও হতাশাজনক। দেশে ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো জায়গা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশ, জাতি ও সংগঠন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করেই দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।

জুলাই বিপ্লবে প্রাণহানি ও আহত হওয়ার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ১ হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজারো মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত গণভোটের রায় বাস্তবায়ন সময়ের দাবি। সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনগণের পক্ষে কথা বলবেন এবং অন্যায়ের সঙ্গে আপস করবেন না বলে জানান তিনি।

শফিকুর রহমান আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে দলের অবস্থান অপরিবর্তিত থাকবে।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণের সামনে প্রকাশ করারও দাবি জানান তিনি। এ বিষয়ে সংসদে নোটিশ দেওয়া হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সংসদে এসব প্রশ্নের জবাব না পাওয়া গেলে জনগণের সামনে বিষয়গুলো তুলে ধরা হবে।

এ লক্ষ্যে দলের দায়িত্বশীল নেতাদের জনগণের আস্থা ও সমর্থন অর্জন করে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


Leave a Comment