এমএলএসে মেসির নতুন ইতিহাস, টানা দুই মৌসুম গোল্ডেন বুট জয়

মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্য দিয়ে লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে প্লে-অফ ম্যাচ শুরুর আগে এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহমালিক জর্জ মাস।
গোলসংখ্যায় মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছিলেন এফসি ডালাসের পেতার মুসা। ২২ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা এই ফরোয়ার্ডের চেয়ে চার গোল বেশি করেছেন মেসি। ২১ গোল করে তৃতীয় হয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।
তবে মেসির অবদান শুধু গোলেই সীমাবদ্ধ ছিল না। সতীর্থদের দিয়ে আরও ১৭টি গোল করিয়েছেন তিনি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩ গোলে সরাসরি অবদান রাখার পাশাপাশি ম্যাচপ্রতি ০.৮৪ গোলের গড় নিয়ে মৌসুম শেষ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
এর আগে প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট-ফিলিপস একাধিকবার এমএলএস গোল্ডেন বুট জিতেছেন। তবে টানা দুই মৌসুম এই পুরস্কার জয়ের নজির ছিল না কারও।
২০২৫ মৌসুমেও দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। ২৯ গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করে প্রথমবারের মতো গোল্ডেন বুট জেতেন তিনি। একই বছর টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) স্বীকৃতিও পান।
২০২৬ মৌসুমেও এমভিপি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মেসি। এবারও সেরা নির্বাচিত হলে টানা তৃতীয়বার এই সম্মান জয়ের সুযোগ রয়েছে তাঁর।
Source: Fox Sports


























