মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগের কথা জানান মন্ত্রী।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত আর্থিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ অনুসন্ধানের সুপারিশ করেন সভাপতি।
সীমান্ত নিরাপত্তা জোরদারে উন্নত প্রযুক্তি ও ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হুইপ রকিবুল ইসলাম। অন্যদিকে, মাদক নিয়ন্ত্রণে সরকারি সংস্থার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করা এবং মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত ও চোরাচালানের রুট চিহ্নিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে নজরদারি ও অভিযান জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানাসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।























