বিমান বাংলাদেশের ইন-ফ্লাইট বিনোদন থেকে ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’ বাদ, ব্যাখ্যা বিমানের কর্তৃপক্ষ

বিমান বাংলাদেশের ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধের কারণ জানিয়েছে কর্তৃপক্ষ। লাইসেন্স, স্টোরেজ ও কনটেন্ট পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছে বিমান।

বিমান বাংলাদেশের ইন-ফ্লাইট বিনোদন থেকে ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’ বাদ, ব্যাখ্যা বিমানের কর্তৃপক্ষ
‘চিত্রা নদীর পারে’ ও ‘লালসালু’র পোস্টার। কোলাজ

বাংলাদেশ বিমানের ফ্লাইটে দীর্ঘদিন প্রদর্শিত তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ এখন আর দেখানো হচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলছে, ইন-ফ্লাইট বিনোদনের কনটেন্ট নিয়মিত পরিবর্তনের অংশ হিসেবেই সিনেমা দুটি সরানো হয়েছে।

বিমানে চলচ্চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্বত্বাধিকারী কাজী রিটন জানান, প্রায় দুই মাস আগে তাঁদের জানানো হয়, ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর প্রদর্শন করা হবে না।

মঙ্গলবার প্রথম আলোকে কাজী রিটন বলেন, তাঁদের জানানো হয়েছে, সিনেমা দুটি ১০ বছরের বেশি সময় ধরে প্রদর্শিত হয়েছে। তাই আপাতত সেগুলো না দেখানোর সিদ্ধান্ত হয়েছে এবং পরে আবার প্রদর্শিত হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে জানান, এয়ারলাইনস সাধারণত প্রতি তিন মাসে ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্টের সিনেমা, টিভি অনুষ্ঠান ও অডিওর তালিকা পরিবর্তন করে।

তিনি বলেন, কনটেন্ট পরিবর্তনের ক্ষেত্রে লাইসেন্স চুক্তি, উড়োজাহাজের সার্ভার স্টোরেজ এবং যাত্রীদের সন্তুষ্টির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।

মহিউদ্দিন আহমেদের ভাষ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রদর্শিত সিনেমা বা অনুষ্ঠানগুলোর মালিক নয়। মিডিয়া ব্রোকার ও কনটেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য এসব কনটেন্ট প্রদর্শনের স্বত্ব নেওয়া হয়। লাইসেন্সের মেয়াদ শেষ হলে বা নতুন কনটেন্ট যুক্ত করার প্রয়োজন হলে পুরোনো কনটেন্ট সরিয়ে ফেলা হয়।

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ মুক্তি পায় ২০০১ সালে এবং ‘চিত্রা নদীর পারে’ মুক্তি পায় ১৯৯৮ সালে। দুটি চলচ্চিত্রই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে।

চলচ্চিত্র দুটি কেন সরানো হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠার পর তানভীর মোকাম্মেলও ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দেন। তবে বিমান কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, সিনেমা দুটি সরানোর কারণ নিয়মিত কনটেন্ট পরিবর্তন ও লাইসেন্স-সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top