শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ, রোমান্সের সঙ্গে অ্যাকশনের ঝলক

বলিউড অভিনেতা শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। রোমান্টিক দৃশ্যের পাশাপাশি গানটিতে উঠে এসেছে রক্তাক্ত অ্যাকশন ও অপরাধজগতের নানা ইঙ্গিত।
২ নভেম্বর মধ্যরাতে গানটি প্রকাশ করে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির দৃশ্যে কখনো রোমান্টিক মুহূর্তে, আবার কখনো সংঘর্ষে জড়াতে দেখা যায় এই জুটিকে।
গানের শুরুতে শাহরুখের সংলাপ, ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা’। এরপর রোমান্টিক দৃশ্যের মধ্য দিয়ে এগিয়ে যায় গানটি। তবে পরবর্তী অংশে রক্তাক্ত মুখ, বদলে যাওয়া চেহারা এবং আগুনের পটভূমিতে শাহরুখের অ্যাকশন দৃশ্য সিনেমাটিতে তার চরিত্রের ভিন্ন দিক তুলে ধরে।
গানের শেষ দিকে শাহরুখকে বলতে শোনা যায়, ‘পর ইস বার দিল মে আগ লাগি হ্যায়, অব দুনিয়া জালায়ে বিনা মানেগা নেহি’। সংলাপটি চরিত্রটির প্রতিশোধপরায়ণ মনোভাবের ইঙ্গিত দেয়।
‘তু মিল যায়ে’ গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর। প্রকাশিত গানের তথ্য অনুযায়ী, এতে আন্তর্জাতিক সংগীতশিল্পী এড শিরানও অংশ নিয়েছেন।
এর আগে, ২০২৫ সালে শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম লুক প্রকাশ করা হয়েছিল। এবার জন্মদিনে গান প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারটিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মাসহ আরও অনেকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

























