রাইমা সেনের বিয়ে ও মাতৃত্ব নিয়ে নতুন ভাবনা, জানালেন নিজের সিদ্ধান্ত

৪৭ বছর বয়সে বিয়ে নিয়ে নিজের অবস্থান জানালেন রাইমা সেন। মাতৃত্ব, ডিম্বাণু সংরক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী।
রাইমা সেনের বিয়ে ও মাতৃত্ব নিয়ে নতুন ভাবনা, জানালেন নিজের সিদ্ধান্ত
অভিনেত্রী রাইমা সেন

বিনোদন ডেস্ক:– বিয়ে করার বিষয়ে বর্তমানে কোনো তাগিদ অনুভব করছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, কলকাতায় উপযুক্ত সঙ্গী না পাওয়া এবং সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়টি তাকে ভাবায়।

রাইমার ভাষ্য অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ে নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। আগে বিয়ে নিয়ে তার মা অভিনেত্রী মুনমুন সেন উদ্বিগ্ন থাকলেও এখন তিনি মেয়েকে জোর করে বিয়ে না করার পরামর্শ দেন। ভবিষ্যতে একাকিত্ব অনুভব করলে পোষ্য দত্তক নেওয়ার কথাও মুনমুন বলেছেন বলে জানান রাইমা।

মাতৃত্বের বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাইমা। তিনি বলেন, শিশুদের ভালোবাসলেও ভবিষ্যতে সন্তানের দায়িত্ব সামলানোর বিষয়টি নিয়ে তার মধ্যে দ্বিধা রয়েছে। তবে ভবিষ্যতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত বদলাতে পারেন—এই সম্ভাবনা বিবেচনায় রেখে তিনি আগেই ডিম্বাণু সংরক্ষণ করেছেন বলে জানান।

রাইমার মতে, শুধু মা হওয়ার জন্য বিয়ে করা জরুরি নয়। তার এই বক্তব্যে বিয়ে ও মাতৃত্বকে আলাদা সিদ্ধান্ত হিসেবে দেখার বিষয়টি উঠে এসেছে।

সুচিত্রা সেনের নাতনি রাইমা দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করছেন। বর্তমানে তার হাতে রয়েছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ১৫ অক্টোবর ছবিটির মুক্তির কথা রয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top