আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের এসপি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদী আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। এজাহারে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। একই সঙ্গে তিনি পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে রাজপথে নামার আহ্বানের উল্লেখ পাওয়া গেছে। এতে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও ছিল। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।



















