ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যে উন্নতি, চলছে ওষুধের চিকিৎসা, আপাতত লাগছে না কেমোথেরাপি

ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যে উন্নতি, চলছে ওষুধের চিকিৎসা, আপাতত লাগছে না কেমোথেরাপি
ইলিয়াস কাঞ্চন লন্ডনে ফিরে গেছেন, বসার ঘরে বসে থাকা অবস্থায়। ছবি : সংগৃহীত

ব্রেন টিউমারের চিকিৎসায় লন্ডনে অবস্থানরত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছে। আপাতত তাঁকে কেমোথেরাপি নিতে হচ্ছে না বলে জানিয়েছেন নিসচার কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

রোববার দুপুরে নিউজ24বাজ অনলাইনকে লিটন এরশাদ বলেন, চিকিৎসার পর ইলিয়াস কাঞ্চন আগের চেয়ে ভালো আছেন। তাঁর কথাবার্তার জড়তা কমছে এবং হাঁটাচলারও উন্নতি হয়েছে।

লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমানে ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নিসচার এই নেতা।

প্রায় ১০ মাস চিকিৎসা নেওয়ার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। তবে সাত দিন দেশে থাকার পর তিনি আবার লন্ডনে ফিরে যান। সেখানে তাঁর পরবর্তী চিকিৎসা চলছিল।

গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দেশ থেকে দূরে থাকলেও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা অটুট রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে নিজের অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়া, ভালোবাসা জানানো ও সুস্থতা কামনায় দোয়া করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।


Leave a Comment