‘ফৌজি’র টিজারে নেতাজির উপস্থাপনা নিয়ে বিতর্ক, ক্ষমা চাওয়ার দাবি প্রপৌত্রের

‘ফৌজি’র টিজারে নেতাজির উপস্থাপনা নিয়ে বিতর্ক, ক্ষমা চাওয়ার দাবি প্রপৌত্রের
‘ফৌজি’র টিজারে নেতাজির উপস্থাপনা

প্রভাস অভিনীত ‘ফৌজি’ ছবির টিজারে নেতাজি সুভাষচন্দ্র বসু ও অ্যাডলফ হিটলারের সাক্ষাতের দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ছবির পরিচালক হনু রাঘবাপুডি ও নির্মাতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে কল্পকাহিনি নির্মাণের ক্ষেত্রে ঐতিহাসিক সত্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখা জরুরি।

প্রভাসের জন্মদিন উপলক্ষে ২৩ অক্টোবর প্রকাশিত হয় ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত যুদ্ধভিত্তিক ছবি ‘ফৌজি’র টিজার। এতে হিটলারের সঙ্গে নেতাজির কথোপকথনের একটি দৃশ্য দেখানো হয়েছে। সেখানে প্রভাসের অভিনীত কাল্পনিক চরিত্রের প্রশংসা করতে দেখা যায় হিটলারকে। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রকুমার বসু বলেন, ভারতের স্বাধীনতাসংগ্রাম ও এর নেতাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে পরিচালকদের স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতার নামে ইতিহাস বিকৃত করা গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষায়, জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে তথ্য বিকৃত করে কল্পকাহিনি উপস্থাপন করা ‘অপরাধ’।

নেতাজির বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ তুলে চন্দ্রকুমার বসু বলেন, ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে নেতাজি জার্মানির হিটলার ও জাপানের নেতা হিদেকি তোজোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে এর অর্থ এই নয় যে নেতাজি ফ্যাসিবাদকে সমর্থন করতেন। তাঁর দাবি, নেতাজি গণতন্ত্র ও মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করতেন।

চন্দ্রকুমার বসুর বক্তব্য অনুযায়ী, হিটলারের সঙ্গে আলোচনায় নেতাজি নিজের অবস্থান ও ভারতের স্বাধীনতার লক্ষ্য তুলে ধরেছিলেন। তিনি আরও বলেন, জার্মানির সহায়তায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৌঁছানোর জন্য নেতাজির সাবমেরিনযাত্রার ব্যবস্থা করা হয়েছিল।

ছবির নির্মাতাদের বিরুদ্ধে ঐতিহাসিক ঘটনাকে যথাযথ প্রেক্ষাপটে উপস্থাপন না করে নাটকীয়তা তৈরির অভিযোগও তুলেছেন তিনি। তাঁর মতে, দর্শকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে নেতাজির মতো জাতীয় নেতার মর্যাদা ক্ষুণ্ন করা উচিত নয়। এ কারণে পরিচালক ও নির্মাতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

টিজারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ব্যবহারকারীও এর উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, প্রভাসের কাল্পনিক চরিত্রকে গুরুত্ব দিতে গিয়ে নেতাজিকে এমনভাবে দেখানো হয়েছে, যা তাঁর ঐতিহাসিক ভূমিকার গুরুত্ব কমিয়ে দেয়। কেউ কেউ নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়েছেন।

মৈত্রী মুভি মেকার্সের প্রযোজনায় এবং টি-সিরিজ ফিল্মসের নিবেদনে নির্মিত ‘ফৌজি’ পরিচালনা করেছেন হনু রাঘবাপুডি। ছবিটির প্রযোজক নবীন ইয়েরনেনি, ওয়াই রবি শঙ্কর ও ভূষণ কুমার। আগামী ১৯ মার্চ ২০২৭ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Leave a Comment