জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত ‘দ্য ব্যাটম্যান’ তারকা

জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন
ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কেন্দ্রীয় লন্ডনের লেস্টার স্কোয়ারে চলচ্চিত্র ‘মিকি ১৭’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য পৌঁছানোর পর পোজ দিচ্ছেন। ছবি: এএফপি

হলিউডের জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন কে নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এর মধ্য দিয়ে পরবর্তী ০০৭ সিনেমায় ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ‘দ্য ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতা।

সোমবার জেমস বন্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইট 007.com-এ প্রকাশিত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে স্টুডিওটি। তাদের ভাষ্য, প্যাটিনসনের হাত ধরে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্র নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসনও। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। চরিত্রটি পাওয়াকে নিজের স্বপ্নপূরণ হিসেবেও উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ রাজপরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকেও প্যাটিনসনকে স্বাগত জানানো হয়েছে। সেখানে তাঁকে উদ্দেশ করে লেখা হয়, ‘হিজ ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিসে স্বাগতম, মিস্টার বন্ড।’

নতুন বন্ড সিনেমাটি হতে যাচ্ছে অ্যামাজন এমজিএমের পূর্ণ সৃজনশীল নিয়ন্ত্রণে নির্মিত প্রথম ছবি। দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্বে থাকা প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল জি. উইলসন ২০২৫ সালের শুরুতে অ্যামাজনের সঙ্গে চুক্তির মাধ্যমে সৃজনশীল নিয়ন্ত্রণ ছেড়ে দেন।

এরই মধ্যে নতুন সিনেমার পরিচালক হিসেবে ডেনিস ভিলনুভের নাম ঘোষণা করা হয়েছে। ‘ডিউন’ সিরিজের জন্য পরিচিত এই নির্মাতার ছবির চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট।

৪০ বছর বয়সী প্যাটিনসন প্রথম বড় পর্দায় পরিচিতি পান ২০০৫ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তী সময়ে বাণিজ্যিক ছবির পাশাপাশি স্বাধীন ধারার সিনেমায় অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার ভিন্ন দিক তুলে ধরেন তিনি। ‘গুড টাইম’-এ অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার মনোনয়নও পেয়েছিলেন। ২০২২ সালে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন প্যাটিনসন।

ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণার আগে বেশ কয়েকজন অভিনেতাকে নিয়ে আলোচনা চলছিল। সম্ভাব্য তালিকায় ছিলেন ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেন।

১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে জেমস বন্ড চরিত্রে প্রথমবার পর্দায় হাজির হন শন কনারি। এরপর রজার মুর, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগসহ একাধিক অভিনেতা চরিত্রটিতে অভিনয় করেছেন। ক্রেগের শেষ বন্ড সিনেমা ছিল ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’।

২০২২ সালে এমজিএম স্টুডিও অধিগ্রহণের মাধ্যমে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির পুরোনো সিনেমাগুলোর পরিবেশনা-স্বত্ব পায় অ্যামাজন। পরে ২০২৫ সালে প্রযোজকদের সঙ্গে চুক্তির মাধ্যমে সিরিজটির ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্মাণে পূর্ণ সৃজনশীল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানটি।

প্যাটিনসনকে নতুন বন্ড হিসেবে বেছে নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের পরিচিত চরিত্রটিকে ঘিরে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অ্যামাজন এমজিএম। তবে নতুন সিনেমাটির মুক্তির তারিখ ও অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।


Leave a Comment