সালমান শাহ সিনেমা: ৩০ বছর পরও অমলিন সালমান শাহ, টিভিতে ফিরছে সাত জনপ্রিয় সিনেমা

ঢাকা: বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। এ আয়োজনে প্রয়াত এই অভিনেতার অভিনীত সাতটি সিনেমা প্রচার করা হবে।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা।
আয়োজনের প্রথম দিনে প্রচার হয়েছে শাহ আলম কিরণের বিচার হবে। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ূন ফরীদি।
আজ, ৬ সেপ্টেম্বর, সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে প্রচার হবে এম এ খালেদের স্বপ্নের ঠিকানা । এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।
৭ সেপ্টেম্বর থাকছে শিবলী সাদিক পরিচালিত আনন্দ অশ্রু । এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ূন ফরীদি।
৮ সেপ্টেম্বর প্রচার হবে মালেক আফসারী পরিচালিত এই ঘর এই সংসার। সিনেমাটিতে অভিনয় করেছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
৯ সেপ্টেম্বর থাকছে জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার । সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে রয়েছেন ফারুক, ববিতা ও গোলাম মোস্তফা।
১০ সেপ্টেম্বর প্রচার হবে রেজা হাসমত পরিচালিত প্রেম পিয়াসী । এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
১১ সেপ্টেম্বর স্বপ্নের পৃথিবী প্রচারের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী আয়োজনটি। বাদল খন্দকার পরিচালিত সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।
১৯৯০-এর দশকের বাংলা চলচ্চিত্রে রোমান্টিক নায়ক হিসেবে সালমান শাহর উত্থান তাঁকে দর্শকের কাছে দ্রুত জনপ্রিয় করে তোলে। ১৯৯৬ সালে মাত্র ২৪ বছর বয়সে তাঁর মৃত্যু হলেও তিন দশক পরও দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাঁর সিনেমা ও অভিনয় এখনো নতুন-পুরোনো প্রজন্মের দর্শকদের কাছে সমানভাবে নস্টালজিয়ার অংশ হয়ে আছে।



