এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর, জানাল শিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর, জানাল শিক্ষা বোর্ড
Bangladesh Education Board Exam Banner-ছবি: সংগৃহীত।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ দুই দিন পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

এর আগে ২৪ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পাশাপাশি ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশের কথা থাকলেও তা করা হয়নি। এতে ফল প্রকাশের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। সূত্রটির তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে ফল প্রকাশের নির্দিষ্ট সময়, ফল জানার পদ্ধতি এবং এ-সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা এখনো প্রকাশ করা হয়নি।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।


Leave a Comment