লাহোর কালান্দার্সের ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
লাহোর কালান্দার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন আমিনুল ইসলাম বুলবুল। তার আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটির হাই-পারফরম্যান্স কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।
বুলবুল ২০২৫ সালের ৩০ মে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বিসিবি সভাপতির দায়িত্ব নেন। তবে চলতি বছরের এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে সেই পদ হারান তিনি। পরে বিসিবির অ্যাডহক কমিটির নেতৃত্বে আসেন তামিম ইকবাল, যিনি বর্তমানে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুলবুলের বোর্ডের সময়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি তার নেতৃত্বাধীন বোর্ডের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে আলোচিত হয়।
বিসিবি সভাপতি হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। লাহোর কালান্দার্স জানিয়েছে, তার এই অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের বিকাশ ও প্রশিক্ষণ কার্যক্রমে কাজে লাগানো হবে।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্বও করেন তিনি। বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ২০০০ সালে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এই ডানহাতি ব্যাটার।
























