সরকারের বড় নিয়োগ পরিকল্পনা: ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ, ৫০৩ উপজেলায় হাসপাতাল

সরকারের বড় নিয়োগ পরিকল্পনা: ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ, ৫০৩ উপজেলায় হাসপাতাল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত – ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতের জনবল সংকট মোকাবিলায় প্রায় ৪ হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্য অনুযায়ী, ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

নার্স নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫৬৬টি পদের নিয়োগ প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকেও আরও ১ হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ৫৫৮ জন মিডওয়াইফ নিয়োগের সুপারিশ পেয়েছেন। তাঁদের পুলিশি যাচাই চলছে। পাশাপাশি আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে।

হাসপাতাল নির্মাণ পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া গেলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।

কামরুজ্জামান কামরুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে মুহিত বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে। এর মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের নিরাপদ আবাসন ও কর্মপরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


Leave a Comment