নেতানিয়াহু শিবিরের বিরোধিতা উপেক্ষা করে ইসরায়েলি পার্লামেন্টে উপস্পিকার হলেন দুই মুসলিম নেতা

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের উপস্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আরব মুসলিম বংশোদ্ভূত দুই রাজনীতিক আহমাদ তিবি ও ওয়ালিদ তাহা। দেশটির ডানপন্থী রাজনীতিকদের বিরোধিতা সত্ত্বেও তারা এ পদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল ও আল জাজিরা।
নেসেটের ২৬তম অধিবেশনের অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত নয়জন উপস্পিকারের মধ্যে রয়েছেন তিবি ও তাহা। ইসরায়েলের নির্বাচনে কোনো দল এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটির রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
আহমাদ তিবি আরব অধ্যুষিত রাজনৈতিক দল তাআলের নেতা। অন্যদিকে ওয়ালিদ তাহা রা’আম দলের সদস্য। তাদের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক শিবিরের কয়েকজন আইনপ্রণেতা আপত্তি জানান।
বিতর্ক চলাকালে লিকুদ পার্টির আইনপ্রণেতা অফির কাটজ অভিযোগ করেন, এ ধরনের নিয়োগের মাধ্যমে সন্ত্রাসবাদে সমর্থনকারীদের স্বাভাবিক রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে। উগ্র ডানপন্থী ওতজমা ইয়েহুদিত দলের আইনপ্রণেতা ইৎজাক ক্রয়জারও এই নিয়োগকে অতিক্রম করা উচিত নয়—এমন একটি সীমারেখা হিসেবে উল্লেখ করেন।
তবে নিয়োগের পক্ষে অবস্থান নেন বি’ইয়াখাদ দলের এয়িতান গিনজবার্গ। তিনি লিকুদের অবস্থানকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করে বলেন, অতীতেও আরব আইনপ্রণেতারা নেসেটের উপস্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি ২০২২ সালে আহমাদ তিবিকে পুনরায় এ পদে বসানোর প্রস্তাবেও লিকুদ সমর্থন দিয়েছিল।
গিনজবার্গ বলেন, পার্লামেন্টের প্রত্যেক সদস্যের যেকোনো দায়িত্ব পালনের অধিকার রয়েছে। অতীতে যেমন এ নিয়ম কার্যকর ছিল, ভবিষ্যতেও তা বহাল থাকবে।
নির্বাচিত হওয়ার পর আহমাদ তিবি সাংবাদিকদের বলেন, লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাকে নির্বাচিত হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। তবে উসকানিমূলক প্রচারণা সত্ত্বেও তারা সফল হননি। তিনি আরও জানান, জয়েন্ট লিস্টের প্রতিনিধিরা পার্লামেন্টের সব কমিটিতে দায়িত্ব পালন করবেন।
এদিকে আরব দলগুলোর রাজনৈতিক ভূমিকা নিয়ে ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থী শিবিরের সঙ্গে বিরোধ ক্রমেই বাড়ছে। বিরোধী নেতা গাদি আইজেনকট আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন। অন্যদিকে লিকুদ ও তাদের মিত্ররা আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে।
এ ঘটনার বাইরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন তিবি।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ ইসরায়েলে রা’আম দলের তিন কর্মীর কাছে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক কর্মীর কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ওই তিন কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিবি লেখেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি নেতানিয়াহুও নন।’
নেসেটের উপস্পিকাররা পার্লামেন্টের স্পিকারের সঙ্গে প্রেসিডিয়ামে দায়িত্ব পালন করেন। তারা অধিবেশনের আলোচ্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উত্থাপিত বিলসহ বিভিন্ন সংসদীয় কার্যক্রম অনুমোদন, পূর্ণাঙ্গ অধিবেশন পরিচালনা এবং ভোটাভুটির দায়িত্ব পালন করেন।
অন্য নির্বাচিত উপস্পিকাররা হলেন বি’ইয়াখাদের এয়িতান গিনজবার্গ, ডেমোক্র্যাটস দলের ইয়ার ফিংক, ইসরায়েল বেইতেনুর ওদেদ ফোরার, ইউনাইটেড তোরাহ জুডাইজমের ইৎজাক পিন্দ্রুস, লিকুদের ইয়াকভ বারদুগো, ওতজমা ইয়েহুদিতের লিমোর সন হার-মেলেখ এবং শাস দলের মাইকেল মালকিয়েলি।
স্থায়ী উপস্পিকার নিয়োগ না দেওয়া পর্যন্ত এই নয়জন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।























