ডিসেম্বর থেকেই বাড়ছে পোশাক শ্রমিকদের বেতন, সময় নিয়ে অনিশ্চয়তা নেই: মজুরি বোর্ড

ডিসেম্বর থেকেই বাড়ছে পোশাক শ্রমিকদের বেতন, সময় নিয়ে অনিশ্চয়তা নেই: মজুরি বোর্ড
ডিসেম্বর থেকেই বাড়ছে পোশাক শ্রমিকদের বেতন – ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্ধিত বেতন আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বেতন বৃদ্ধির ঘোষণা দিতে কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময় থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় মজুরি বোর্ডের কার্যক্রম, শ্রমিকদের অসন্তোষ এবং তাদের জীবনযাত্রার প্রকৃত অবস্থা যাচাইয়ে চলমান উদ্যোগের বিষয়েও কথা বলেন তিনি।

সুবহানী জানান, গত সোমবার নির্ধারিত মজুরি বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। বোর্ডের একজন স্থায়ী সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পেছনে অন্য কোনো কারণ বা চাপ ছিল না বলে দাবি করেন তিনি।

শ্রমিকদের জীবনযাত্রার মান সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের অংশ হিসেবে সম্প্রতি সাভারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান বোর্ড চেয়ারম্যান। তার ভাষ্য, শ্রমিকদের আবাসন ও দৈনন্দিন জীবনযাত্রার বাস্তব পরিস্থিতি বোঝাই ছিল এ সফরের উদ্দেশ্য। তবে সেখানে প্রত্যাশিত তথ্য সংগ্রহ সম্ভব হয়নি।

তিনি বলেন, গাজীপুরের কিছু এলাকায় শ্রমিকদের জন্য কলোনিভিত্তিক আবাসন থাকলেও সাভারে এ ধরনের ব্যবস্থা তুলনামূলকভাবে অনুপস্থিত। স্থানীয় কর্তৃপক্ষ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের কাছ থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে শ্রমিকদের আবাসন ও জীবনমান সম্পর্কে বিস্তারিত জানতে আশুলিয়া ও গাজীপুরের শ্রমঘন এলাকাগুলো পরিদর্শনের পরিকল্পনা করছে মজুরি বোর্ড। এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বসবাসের পরিবেশ ও জীবনযাত্রার ব্যয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।

এ কাজে সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন সুবহানী। শ্রমিকদের আবাসিক কলোনি রয়েছে—এমন এলাকার তথ্য দিয়ে পরিদর্শন কার্যক্রমে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

বোর্ড চেয়ারম্যান বলেন, পরবর্তী সভার আগেই এসব এলাকা পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে। সরেজমিনে পাওয়া তথ্য ও শ্রমিকদের বক্তব্য বোর্ডের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন এলাকায় এরই মধ্যে পরিদর্শন কার্যক্রম চালিয়েছে মজুরি বোর্ড। এসব পরিদর্শনের বিস্তারিত তথ্য লিখিতভাবে সংরক্ষণ করা হয়েছে।

তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পরবর্তী সভা আহ্বানের আগে সাত দিন সময় নেওয়া হয়েছে বলে জানান তিনি।


Leave a Comment