যানজট কমাতে ‘ইনার রিং রোডে’ গতি চান প্রধানমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে ইনার রিং রোড নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের বাধা দূর ও সময়সীমা নির্ধারণে জোর।প্রকল্পের বাধা চিহ্নিত করে দ্রুত সমাধান, বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের তাগিদ

যানজট কমাতে ‘ইনার রিং রোডে’ গতি চান প্রধানমন্ত্রী
আজ ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে দ্রুত তা দূর করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top