পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকদের, ২২ হাজারে অনড় শ্রমিকপক্ষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকদের, ২২ হাজারে অনড় শ্রমিকপক্ষ
সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার দাবিতে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় এখনো মজুরি চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় মজুরি নিয়ে দুই পক্ষের অবস্থান উঠে আসে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বেলা ২টায় সভার কার্যক্রম শুরু হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার অনুষ্ঠিত তৃতীয় সভায় দীর্ঘ সময় আলোচনা করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ওই বৈঠকে মালিকপক্ষ প্রথমে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরে আলোচনার পরিমাণ বাড়িয়ে প্রস্তাবটি ১৫ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বশেষ তা আরও বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা প্রথমে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি উত্থাপন করেন। আলোচনার ধারাবাহিকতায় সেই দাবি কমিয়ে ২৫ হাজার টাকা এবং পরবর্তী সময়ে ২২ হাজার টাকায় নিয়ে আসেন। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এখনো ২২ হাজার টাকার দাবিতেই অনড় রয়েছেন।

দুই পক্ষের প্রস্তাবের মধ্যে সমঝোতা না হওয়ায় সোমবার রাত ৯টার দিকে বৈঠক মুলতবি করা হয়। পরে মঙ্গলবার দুপুর ২টায় আবারও আলোচনা শুরু হয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখে মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

সভায় গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি শিল্পে কর্মরত বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির বিষয়েও আলোচনা হচ্ছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের নতুন প্রস্তাব কার্যকর হলে বর্তমান মজুরির তুলনায় তা ৩ হাজার ২০০ টাকা বাড়বে। অন্যদিকে শ্রমিকদের ২২ হাজার টাকার দাবি বাস্তবায়িত হলে বর্তমানের তুলনায় মজুরি বাড়বে ৯ হাজার ৫০০ টাকা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করাই এখন বোর্ডের প্রধান চ্যালেঞ্জ।


Leave a Comment