গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অচল দুই মহাসড়ক, ৭০ কারখানায় ছুটি, বন্ধ ৩২

গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কাজ করছে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভের পাশাপাশি মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে ভোগরা বাইপাস, চৌরাস্তা, গাজীপুরা, বড়বাড়ি, মৌচাক ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ ছড়িয়ে পড়ে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মহানগরীর কোনাবাড়ি এলাকার ইসলাম গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। পরিস্থিতি বিবেচনায় ওই কারখানাসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।
এরপর মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরাও বেতন বাড়ানোর দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন। একইভাবে বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভোগরা বাইপাস, গাজীপুর চৌরাস্তা, গাজীপুরা ও বড়বাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে কয়েকটি এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭০টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রমিক বিক্ষোভের কারণে দুই মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।






















