দেশে পা রাখলেই শেখ হাসিনা গ্রেপ্তার, জানালেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী একই ব্যবস্থা কার্যকর হবে। দেশে ফিরলে তাদের কারাগারে পাঠানো হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেশের বাইরে অবস্থান করলে তার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রয়টার্সের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। কে কোথায় অবস্থান করছেন কিংবা কী বক্তব্য দিচ্ছেন, তা নিয়ে অপ্রয়োজনীয় আলোচনায় সময় ব্যয় না করার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সরকারের অবস্থান আগেও পরিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও একই অবস্থান থাকবে। শেখ হাসিনা সহ যেসব ব্যক্তি বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে দেশের বাইরে রয়েছেন, তারা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী গ্রেপ্তার হবেন এবং কারাগারে পাঠানো হবে।
শেখ হাসিনাকে গ্রেপ্তারে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সক্ষমতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়েই নিশ্চিত তথ্য নেই। দেশত্যাগের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা গেছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে। হাদির হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টের সহিংসতা, হত্যা ও গুমের ঘটনায় দণ্ডিত হয়ে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন শামা ওবায়েদ। তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। ফলে এ ধরনের ঘোষণা রাজনৈতিক বক্তব্যের বাইরে বিশেষ কোনো তাৎপর্য বহন করে না।
শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে দেশত্যাগ এবং পরবর্তী সময়ে তাদের আবারও বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টার অভিযোগও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এসব নথি দেওয়ার ক্ষেত্রে আইন ও সংবিধানের বিধান অনুসরণ করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেও তাকে গ্রেপ্তারের বিষয়টি সরকারের অবস্থানের অন্তর্ভুক্ত। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। দেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে এবং হাতকড়া পরা অবস্থায় আসতে হবে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ইচ্ছা নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।























