আগুন সন্ত্রাসে ভয় নয়, জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ আতঙ্কিত নয়; বরং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে কঠোর মনোভাব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে।

আগুন সন্ত্রাসে ভয় নয়, জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক কূটনৈতিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রতিমন্ত্রী। এ সময় দেশে চলমান নাশকতামূলক কর্মকাণ্ড এবং এসবের বিরুদ্ধে জনগণের অবস্থান তুলে ধরা হয়।

হুমায়ুন কবির অভিযোগ করেন, দিল্লিতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা দেশের মানুষ ভালোভাবেই জানে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক ও আস্থা দৃঢ়। জনগণকে সঙ্গে নিয়েই সরকার দেশের পরিস্থিতি মোকাবিলা করছে। যারা সহিংসতা ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াতে চাইছে, তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িতরাই চাপে পড়ছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক পরিবেশ প্রত্যাশা করে। জনগণ আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। এমন পরিস্থিতিতে অপরাধীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সাধারণ মানুষও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় নয় মাস পূর্ণ হয়েছে। এ সময়ে সরকারের নেওয়া বিভিন্ন নীতি, কার্যক্রম এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করা প্রয়োজন। সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে এবং নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে নিয়মিত তথ্য দিতে আগ্রহী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সরকারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।


Leave a Comment