নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে উত্তাপ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের প্রতিবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলীয় সদস্যদের প্রতিবাদ ও হট্টগোলের মুখে একপর্যায়ে বক্তব্য থামিয়ে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদের অধিবেশনের শুরুতে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, বাড়িটিতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রাথমিক আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়ির বাইরে থেকে কোনো বস্তু নিক্ষেপের পর আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
নাহিদের ভাষ্য, বাড়িটিতে কেয়ারটেকারের পরিবার ও নুসরাতের আত্মীয়স্বজন বসবাস করতেন। ঘটনার সময়ও সেখানে লোকজন ছিলেন। ফলে অগ্নিকাণ্ডে প্রাণহানির আশঙ্কা ছিল।
তিনি আরও দাবি করেন, ঘটনার আগে কয়েক দিন ধরে নুসরাতকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল এবং এ বিষয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। তাঁর মতে, অগ্নিকাণ্ডের ঘটনা আগের হুমকির সঙ্গে সম্পর্কিত কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।
নাহিদ অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লাস এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি সামনে এলেও সরকার বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, বিরোধী দলের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার অভিযোগের ঘটনায় সরকারের কাছ থেকে দ্রুত অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস প্রত্যাশিত ছিল।
নাহিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না। তিনি দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্য প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতেই উপস্থাপন করেছেন।
এ সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ শুরু করলে মন্ত্রী তাঁদের বক্তব্য শোনার আহ্বান জানান। স্পিকারের অনুমতি নিয়ে পরে কথা বলার সুযোগ নেওয়ার পরামর্শও দেন তিনি। তবে হট্টগোল অব্যাহত থাকায় একপর্যায়ে বক্তব্য বন্ধ করে আসনে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি বিরোধী সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, মন্ত্রীর বক্তব্যে বাধা দেওয়া সংসদীয় কার্যক্রমের জন্য সমীচীন নয়। প্রয়োজনে পরে বিরোধী সদস্যরা আবার বক্তব্য দিতে পারবেন বলেও জানান তিনি।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় বক্তব্য শুরু করেন। এ সময় বাড়িতে দুটি ছাগল থাকার প্রসঙ্গ তুললে বিরোধী দলের সদস্যরা আবারও প্রতিবাদ জানান।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে সাধারণত ঘটনাস্থলে তার আলামত থাকার কথা। অন্য কোনো কারণে আগুন লেগেছে কি না, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী শক্তির কেউ জড়িত থাকলেও তদন্তে তা বেরিয়ে আসবে। তবে প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করতে চান না বলে জানান তিনি।
তদন্ত শেষ হওয়ার আগে সরকারকে দায়ী করে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।























