ফিনল্যান্ড উপসাগরে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, ইউক্রেইনের দিকে সন্দেহের তির

ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে রাশিয়াগামী একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। এতে ইউক্রেইনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। তবে কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে কালিনিনগ্রাদগামী রুশ কার্গো জাহাজ ‘স্পার্টা-২’ ড্রোন হামলার শিকার হয়। ঘটনার সময় জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করছিল। পরে সুয়ারসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।
ইউক্রেইন ও যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, রুশ একটি কোম্পানির পরিচালিত জাহাজটি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এবং চলতি বছরের শুরুতে ইউক্রেইনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়।
ফিনল্যান্ডের কোস্ট গার্ড জানায়, স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে তারা হামলার খবর পায়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে আকাশ ও নৌপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেন, যুদ্ধ এখন দেশটির খুব কাছাকাছি চলে এসেছে। তবে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেইনের রয়েছে।
অন্যদিকে, কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখের দাবি, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি ড্রোন দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে। তবে এতে কালিনিনগ্রাদের সরবরাহ ব্যবস্থার ওপর কোনো হুমকি তৈরি হয়নি।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, রুশ উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছালে স্পার্টা-২-এর ক্রুরা প্রথমে জাহাজ ছেড়ে যাওয়ার প্রয়োজন নেই বলে জানান এবং যাত্রা অব্যাহত রাখার পরিকল্পনার কথা বলেন।
তবে পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্রুদের অন্য একটি রুশ জাহাজে স্থানান্তর করা হয়েছে। জাহাজটি এরপর রাশিয়ার উদ্দেশে রওনা হয়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার বিষয়ে ন্যাটোকে অবহিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেন, ঘটনার তদন্ত করছে সীমান্তরক্ষী বাহিনী। এ কাজে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেইন আক্রমণ শুরুর পর থেকে বাল্টিক সাগর ও এর আশপাশের অঞ্চল নিরাপত্তা উত্তেজনার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেইন রাশিয়ার সামরিক ও কৌশলগত স্থাপনায় সম্মুখযুদ্ধের বাইরে দূরপাল্লার হামলাও বাড়িয়েছে।

























