সরকার গঠনের চ্যালেঞ্জে আইজেনকট, নেতানিয়াহুর পতন কি সম্ভব?

সরকার গঠনের চ্যালেঞ্জে আইজেনকট, নেতানিয়াহুর পতন কি সম্ভব?
ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬ – ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ তৈরি হয়েছে বিরোধী নেতা গাদি আইজেনকটের সামনে। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে পার্লামেন্টে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিল রাজনৈতিক সমীকরণের মুখে পড়েছেন সাবেক এই সেনাপ্রধান।

রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর আইজেনকট বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন সব রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনায় তিনি প্রস্তুত। নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কট্টর ডানপন্থী দলকেও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী পদে নিজের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেননি।

প্রেসিডেন্ট হারজগ নতুন সরকারকে স্থিতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আইজেনকটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করা।

নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দল রাআম ও জয়েন্ট লিস্টের ১৯টি আসন যুক্ত হলে সম্ভাব্য সমর্থন দাঁড়ায় ৬৭। তবে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনে আপত্তি রয়েছে আইজেনকটের জোটের কয়েকটি শরিক দলের।

সংখ্যাগরিষ্ঠতার হিসাব জটিল

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে এককভাবে সবচেয়ে বড় দল হয়েছে। ধর্মীয় ও জাতীয়তাবাদী মিত্রদের নিয়ে তাঁর জোটের আসন ৫৩টি। তবে সাত আসনের ইউনাইটেড তোরাহ জুডাইজম কোনো পক্ষকে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছে। এতে নেতানিয়াহুর সরকার গঠনের সম্ভাবনা দুর্বল হয়েছে।

প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শে আইজেনকটকে সমর্থন দেওয়ার সুপারিশ করেছে মোট ৬৭ আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ এসেছে ৪৬ আসনের দলগুলোর কাছ থেকে।

আরব দলগুলোর সমর্থন নিয়ে আপত্তি

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দল রাআম ও জয়েন্ট লিস্ট আইজেনকটকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। মন্ত্রিসভায় যোগ না দিয়েও তারা সংসদের বাইরে থেকে সরকারকে সমর্থন দিতে পারে। এতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও সরকার টিকিয়ে রাখা সহজ হতে পারে।

তবে এই সমীকরণে বড় বাধা আইজেনকটের জোটের ডানপন্থী শরিক ইসরায়েল বেইতেনুর নেতা অ্যাভিগদর লিবারম্যান। তিনি আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনের বিরোধিতা করেছেন। নির্বাচনী প্রচারেও আইজেনকট আরব দলগুলোকে মন্ত্রিসভায় না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর জোটের মধ্যবামপন্থী দল দ্য ডেমোক্র্যাটস আরব দলগুলোর সঙ্গে সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছে।

ধর্মীয় দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা

সরকার গঠনের আরেকটি সম্ভাব্য পথ নেতানিয়াহুর জোটের দুই অতি রক্ষণশীল দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন পাওয়া। তাদের ১৩টি আসন যুক্ত হলে আইজেনকটের জোটের আসনসংখ্যা ঠিক ৬১-তে পৌঁছাবে।

তবে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার প্রশ্নে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। আইজেনকট ও লিবারম্যান এ ধরনের ছাড়ের বিরোধী। তবে গত শুক্রবার লিবারম্যান সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেননি। আইজেনকটও সামরিক বাহিনীতে যোগদানের বিকল্প হিসেবে বেসামরিক জাতীয় সেবার প্রস্তাব দিয়েছেন।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, আরব ও অতি রক্ষণশীল দলগুলোর সঙ্গে সমঝোতা সম্ভব না হলে আইজেনকটকে লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বিবেচনা করতে হতে পারে। তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই তাঁর জোটের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হওয়ায় এ ধরনের সমঝোতা রাজনৈতিক ভাবে কঠিন।

সরকার গঠনে ব্যর্থ হলে কী হবে?

নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের মঙ্গলবার শপথ নেওয়ার কথা। সরকার গঠনের জন্য আইজেনকট প্রথমে ২৮ দিন সময় পাবেন। প্রেসিডেন্ট চাইলে এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। এরপর প্রস্তাবিত সরকারকে নেসেটের আস্থা ভোটে জয়ী হতে হবে।

আইজেনকট ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো প্রার্থীকে দায়িত্ব দিতে পারবেন। রয়টার্সের হিসাব অনুযায়ী, সে ক্ষেত্রে নেতানিয়াহু আবার সুযোগ পেতে পারেন। দ্বিতীয় প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন; এ সময় বাড়ানোর সুযোগ নেই।

দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে ২১ দিনের মধ্যে অন্তত ৬১ জন পার্লামেন্ট সদস্য যৌথভাবে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। ওই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন। এই প্রক্রিয়াও ব্যর্থ হলে পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তত দিন বিদায়ী সরকার দায়িত্ব পালন করবে।

২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ইসরায়েলে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নতুন নির্বাচন এড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হারজগ।

সব মিলিয়ে আইজেনকটের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ—সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করা এবং জোটের অভ্যন্তরীণ মতবিরোধ কাটিয়ে ওঠা। নেতানিয়াহুবিরোধী অবস্থানে দলগুলো ঐক্যবদ্ধ থাকলেও সরকার গঠনের প্রশ্নে তাদের মতপার্থক্য শেষ পর্যন্ত কতটা দূর হবে, তার ওপরই নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী রাজনৈতিক নেতৃত্ব।


Leave a Comment