রাইখস্টাগের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন, জার্মানিতে বিতর্ক

রাইখস্টাগের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন, জার্মানিতে বিতর্ক
জার্মানির পার্লামেন্ট ভবন – ছবি : এএফপি

জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার সকালে বার্লিনের প্লাৎস দের রিপাবলিক চত্বরে এ ঘটনা ঘটে। এর নিন্দা জানিয়েছেন বুন্ডেস্টাগের প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট।

জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনায় জড়িত তিনজনই জার্মান নাগরিক। তাঁদের বয়স ২০, ২২ ও ৩২ বছর। তাঁদের মধ্যে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে সাময়িকভাবে আটক করে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য দুজনকে ঘটনাস্থল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে ২২ বছর বয়সী ওই ব্যক্তি রাইখস্টাগের সামনে প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ড বেয়ে ওপরে ওঠেন। পরে জার্মানির জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। তাঁর দুই সহযোগী এ সময় ঘটনাটি ভিডিও করেন এবং কাজে সহায়তা করেন।

পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পরে ফিলিস্তিনের পতাকাটি সরিয়ে ফেলেন। তবে পতাকাদণ্ডের দড়ি ওঠানো-নামানোর ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে জার্মানির পতাকা পুনরায় উত্তোলন করা যায়নি।

পুলিশ জানিয়েছে, রাষ্ট্রীয় প্রতীক অবমাননা, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তির ক্ষতি, বার্লিনের সমাবেশ আইন লঙ্ঘন ও অনধিকার প্রবেশের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ তদন্ত শুরু করেছে।

বুন্ডেস্টাগের প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার সংবাদমাধ্যমকে বলেন, পার্লামেন্ট ভবনের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। তাঁর মতে, সংসদ ভবনকে রাজনৈতিক সক্রিয়তাবাদ বা প্রতিবাদের প্রদর্শনস্থলে পরিণত হতে দেওয়া যায় না। ভবনের পাশাপাশি আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট ঘটনাটিকে ‘চরম অসম্মানজনক’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এটিকে বামপন্থী বিশৃঙ্খলাকারীদের পরিকল্পিত কর্মকাণ্ড বলে উল্লেখ করেন।

এদিকে ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি আন্দোলনকারী গোষ্ঠী অনলাইন বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি নাগরিক সমাজের সংহতি প্রকাশের উদ্দেশ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

রাইখস্টাগের সামনে জার্মানির জাতীয় পতাকা দেশটির ঐক্যের প্রতীক হিসেবে নিয়মিত উত্তোলন করা হয়।


Leave a Comment