চার দিনেই ৫০৭ কোটি রুপি আয়, ‘আদিপুরুষ’-কে পেছনে ফেলল ‘রামায়ণ’

রামায়ণ সিনেমার বক্স অফিস আয়:
রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির প্রথম চার দিনেই বিশ্বব্যাপী ৫০৭ কোটি রুপি আয় করেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি এ আয় দিয়ে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর মোট বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রামায়ণ’। প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৮ কোটি রুপি আয় করে সিনেমাটি। এরপর সপ্তাহান্তে এবং দীপাবলির ছুটিতে দর্শকদের উপস্থিতি বাড়ায় এর বক্স অফিস সংগ্রহ আরও শক্তিশালী হয়।
মুক্তির প্রথম চার দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ২৩৯ কোটি রুপি। দেশটিতে এর গ্রস আয় ২৮৫ কোটি রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় হয়েছে ৫০৭ কোটি রুপি।
এর আগে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ বিশ্বব্যাপী মোট ৩৯৩ কোটি রুপি আয় করেছিল। মাত্র চার দিনের ব্যবসায় সেই অঙ্ক ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। ফলে বক্স অফিসে ছবিটির সূচনা ভারতীয় সিনেমার বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সিনেমাটির বাণিজ্যিক সাফল্যে দর্শকদের ইতিবাচক সাড়া এবং উৎসবের ছুটিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। ছুটির পরবর্তী দিনগুলোতেও আয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‘রামায়ণ’ প্রযোজনা করেছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ডস ক্রিয়েশনস। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
হিন্দুস্তান টাইমস






















