ভুটান-শ্রীলঙ্কার ড্র পয়েন্ট ভাগাভাগিতে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় ভুটান। ৩৪ মিনিটে অধিনায়ক চেনচো গেইলশেনের তৈরি করা আক্রমণ থেকে দাওয়া শেরিং গোল করে দলকে লিড এনে দেন। তবে এক মিনিটের ব্যবধানেই সমতা ফেরায় শ্রীলঙ্কা। ওলিভার জেমস ক্লেয়ারটের গোলে স্কোরলাইন হয় ১-১।
বিরতির আগে ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের হেডে দ্বিতীয় গোল পায় শ্রীলঙ্কা। ওলিভার জেমসের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও শুরুতে তা কাজে লাগাতে পারেনি ভুটান। ৬৬ মিনিটে পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো গেইলশেন।
তবে সেই ব্যর্থতা পুষিয়ে দেন ৭৬ মিনিটে। ডান প্রান্ত থেকে সতীর্থের কাটব্যাকে ছোট বক্সের সামনে বল পেয়ে জোরালো শটে গোল করেন তিনি। তাতে ২-২ সমতায় ফেরে ভুটান।
শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে শ্রীলঙ্কার রাহুল সুরেশ গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ফলাফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগেই শেষ চার নিশ্চিত করার সুযোগ কাজে লাগাল বাংলাদেশ।

























