জামায়াত আমির শফিকুর রহমান তুরস্ক সফর, ইস্তাম্বুল সম্মেলনে দেবেন প্রধান অতিথির বক্তব্য

জামায়াত আমির শফিকুর রহমান তুরস্ক সফর, ইস্তাম্বুল সম্মেলনে দেবেন প্রধান অতিথির বক্তব্য

নিজস্ব প্রতিবেদক-ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্ট অনুযায়ী, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে। সম্মেলনের প্রতিপাদ্য ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।

জামায়াতের পোস্টে বলা হয়, সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

তুরস্ক সফর শেষে শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন বলে জানিয়েছে দলটি। তিনি ১১ অক্টোবর সকালে দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

জামায়াতের পোস্টে সম্মেলনের নির্দিষ্ট তারিখ বা শফিকুর রহমানের তুরস্ক সফরের অন্যান্য কর্মসূচির বিস্তারিত জানানো হয়নি।


Leave a Comment