মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: চারজন গ্রেপ্তার

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ।

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: চারজন গ্রেপ্তার
মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাটের পর গুঁড়িয়ে দেয়। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬ । ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম শনিবার বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল, মো. জুয়েল, জিহাদ হাসান ও মো. রাব্বিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন শাহ আলী মাজার এলাকার ভাসমান ব্যক্তি। টাকার বিনিময়ে তাঁদের ভাঙচুরে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেন্টারে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন বলে অভিযোগ। পরে তাঁরা যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র নিয়ে যান। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে। তবে মামলার এজাহারের কপি এখনো তাঁদের হাতে পৌঁছায়নি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা দিয়ে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশুসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top