রজনীকান্তের জেলার ২-এ মিঠুন চক্রবর্তী, ৩১ বছর পর একই পর্দায় দুই মহাতারকা
মিঠুন চক্রবর্তী ও রজনীকান্তকে আবারও একই ছবিতে দেখা যাবে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিঠুন। প্রায় ৩১ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন দুই তারকা।

মিঠুন চক্রবর্তী ও রজনীকান্তের বন্ধুত্ব দীর্ঘদিনের। এর আগে ১৯৮৯ সালের হিন্দি ছবি ‘ভ্রষ্টাচার’ এবং ১৯৯৫ সালের বাংলা ছবি ‘ভাগ্যবিধাতা’-য় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর আর একই ছবিতে দেখা যায়নি এই দুই জনপ্রিয় অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘জেলার ২’-এ মিঠুনের চরিত্র গুরুত্বপূর্ণ হলেও তার চরিত্র বা গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করেনি নির্মাতা পক্ষ।
ছবিতে রজনীকান্ত আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর দ্বিতীয় কিস্তি ঘিরে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।
‘জেলার ২’-এ মিঠুন ও রজনীকান্তের পাশাপাশি অভিনয় করছেন বিদ্যা বালান, এস জে সূর্য, সূরজ ভেঞ্জারামুডু ও জাটিন সরনা। এছাড়া শিবরাজকুমার, রম্যা কৃষ্ণন ও জ্যাকি শ্রফ-এর উপস্থিতির কথাও জানা গেছে।
তবে মিঠুনের চরিত্রের ব্যাপারে নির্মাতাদের আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা না আসা পর্যন্ত প্রতিবেদনে প্রকাশিত তথ্যের বাইরে তার ভূমিকা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


















