মিয়ানমারের ৫ জেনারেলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, রোহিঙ্গাদের জন্য ৫ মিলিয়ন পাউন্ড সহায়তা
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। এরই ধারাবাহিকতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিতে বিমানের জ্বালানি সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর সহিংসতা, দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২৩ নভেম্বর (সোমবার) নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় লন্ডন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মেজর জেনারেল মিয়ো মিন তুন, মেজর জেনারেল মিয়াত থেত উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে, মেজর জেনারেল কিয়াও সোয়ার উ এবং ব্রিগেডিয়ার জেনারেল মিয়ো হ্তুত হ্লাইং।
ব্রিটিশ সরকারের অভিযোগ, এসব কর্মকর্তা বিভিন্ন সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যার ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে বেসামরিক মানুষ গুরুতর নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন।
নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ, দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা এবং কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার মতো বিধিনিষেধ কার্যকর হবে।
বিশেষ করে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় বেসামরিক বসতি ও চিকিৎসাকেন্দ্রে বিমান হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ব্রিটিশ সরকার। ম্রাউক-উ জেনারেল হাসপাতালে হামলাসহ বিভিন্ন সহিংসতার জন্য সামরিক কর্মকর্তাদের দায়বদ্ধতার বিষয়টিও নিষেধাজ্ঞার সিদ্ধান্তে উঠে এসেছে।
বিমানের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন
মিয়ানমারের সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে শুধু ব্যক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না যুক্তরাজ্য। দেশটির সামরিক বাহিনীর বিমান হামলার সক্ষমতা কমাতে মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যবহৃত বিমান জ্বালানির সরবরাহ বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে লন্ডন।
রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড সহায়তা
মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি মানবিক সংকট মোকাবিলায়ও অর্থায়ন বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে জরুরি মানবিক সেবা এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত, অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে আরও ৩ মিলিয়ন পাউন্ডের তহবিল ঘোষণা করা হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বিষয়টি তুলবে যুক্তরাজ্য
মিয়ানমারের বিরুদ্ধে কূটনৈতিক চাপ জোরদার করতেও সক্রিয় হয়েছে ব্রিটিশ সরকার। দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি জরুরি ভিত্তিতে উত্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
ব্রিটিশ সরকারের লক্ষ্য, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টি করা এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় দেশটিকে গণহত্যার জন্য দায়ী করে রায় দেন। এর চার দিন পর যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকৃতি দেয় এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাসহ একাধিক পদক্ষেপ ঘোষণা করে।
ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক জবাবদিহি প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

























