৪৭ হাজার ডলারের শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন চুনারুঘাটের তাসনিম আক্তার

৪৭ হাজার ডলারের শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন চুনারুঘাটের তাসনিম আক্তার
তাসনিম আক্তার

হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষার্থী তাসনিম আক্তার যুক্তরাষ্ট্রের ৪৭ হাজার ডলারের সমপরিমাণ শিক্ষাবৃত্তি পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৮ লাখ টাকা। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) চার বছর মেয়াদি স্নাতক শিক্ষার জন্য এ বৃত্তি পেয়েছেন তিনি।

গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমানের পাঠানো চিঠিতে বৃত্তির বিষয়টি নিশ্চিত করা হয়। এতে তাসনিমকে প্রতিবছর ১১ হাজার ডলার করে দেওয়ার কথা জানানো হয়েছে।

তাসনিম চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনা করছেন।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিভাগে ভর্তি হন। পরে নিজ উদ্যোগে এইউডব্লিউতে ভর্তির প্রস্তুতি নিয়ে সফল হন। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগের পাশাপাশি তিনি পেয়েছেন ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষাবৃত্তি।

তাসনিম চুনারুঘাট উপজেলার আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ ও চিকিৎসক রাহেলা খাতুনের একমাত্র মেয়ে। তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তাঁর সাফল্য উচ্চশিক্ষায় আগ্রহী এলাকার অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।


Leave a Comment