পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এ প্রস্তাবের কথা জানান।
প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া শ্রমিকদের শিক্ষানবিশকালীন মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাবও দিয়েছে শ্রমিকপক্ষ।
অন্যদিকে, কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে বলে জানান বাবুল আখতার। তিনি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক।
বাবুল আখতার বলেন, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের মাসিক ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও শ্রমিকদের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রেখে তুলনামূলক কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সোমবারের সভায় মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে মালিকপক্ষ প্রস্তুতির জন্য সাত কার্যদিবস সময় চাইলে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। নির্ধারিত সময়ে প্রস্তাব না পেলে মালিকপক্ষের অপেক্ষায় থাকবে না বোর্ড।
মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকাসহ আশপাশের এলাকার অস্থিতিশীল পরিস্থিতির কারণে নতুন মজুরি প্রস্তাব তৈরিতে যথেষ্ট মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। বোর্ডের দেওয়া চার কর্মদিবসের মধ্যেই প্রস্তাব জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, নতুন বেতন কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। শ্রমিকেরা জানুয়ারির শুরুতে বর্ধিত বেতন পাবেন।
বোর্ডের পরবর্তী সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এর আগে, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। পরে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।
২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। নতুন হার ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল, যা আগের তুলনায় ৫৬ দশমিক ২৫ শতাংশ বেশি।
এদিকে, চলতি বছর সংশোধিত শ্রম আইনে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।























