জনসেবায় হয়রানি বন্ধে নবীন বিসিএস কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীন বিসিএস কর্মকর্তাদের দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি দপ্তরে সেবা নিতে আসা কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
চার মাসের প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে মেধাক্রমে শীর্ষ ১০ কর্মকর্তার হাতে সনদ তুলে দেন। পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রশাসনের কার্যকারিতা ও জনসেবার মান উন্নয়নে কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামগ্রিক সাফল্য নির্ভর করে দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসনের ওপর। এসব গুণ একজন কর্মকর্তার ব্যক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্র ও সরকারকে শক্তিশালী করে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্যাডার বা কর্মস্থল আলাদা হলেও তাঁদের অভিন্ন পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক। তাই সরকারি দপ্তরে যেকোনো বয়সের নাগরিক সেবা নিতে এসে যেন হয়রানির মুখে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রশাসনিক কাজে অপ্রয়োজনীয় বিলম্ব কমিয়ে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার ওপরও জোর দেন সরকারপ্রধান।
পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন এবং পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
























