বাংলাদেশ ফুটবল ম্যাচ: মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশ, হামজারাও ব্যর্থ

আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরীরাও গোলের দেখা পাননি।
বাংলাদেশ ফুটবল ম্যাচ: মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশ, হামজারাও ব্যর্থ
ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে অভিযান শুরু করেছে বাংলাদেশ।

শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।

বাংলাদেশের রক্ষণভাগের কয়েকটি ভুলকে গোলগুলোর প্রধান কারণ হিসেবে দেখা যায়। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের অনুপস্থিতিতেও রক্ষণে সমন্বয়ের ঘাটতি ছিল স্পষ্ট।

১৮ মিনিটে ডান দিকের হাফ-স্পেস দিয়ে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে গোল করেন মালয়েশিয়ার আরিফ আইমান। বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ এগিয়ে এলেও তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।

৩৮ মিনিটে আবার গোল করেন আরিফ আইমান। গোলমুখের মাঝখানে তাকে জায়গা দেওয়ার সুযোগ কাজে লাগান তিনি। প্রথমার্ধে আরও গোলের সুযোগ তৈরি করেছিল মালয়েশিয়া।

৫৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন বার্গসন। বক্সের প্রান্তে বল পাওয়ার পর ঘুরে শট নেন তিনি। কাছাকাছি থাকা বাংলাদেশের ডিফেন্ডার তাকে প্রতিহত করতে পারেননি।

প্রথমার্ধের পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের শুরুতে দুই প্রবাসী ফুটবলার শুকি ইতোফুসা ও ফারহান আলি ওয়াহিদ কে মাঠে নামান কোচ থমাস ডুলি। দুজনেরই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়।

তাদের নামার পর বাংলাদেশের খেলায় কিছুটা গতি আসে। বিশেষ করে শেষ ১৫-২০ মিনিটে দলটি তুলনামূলক সংগঠিত হয়ে আক্রমণে ওঠে। ৭৬ মিনিটে হামজা চৌধুরী গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবে শেষ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ।

গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পরের ম্যাচ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল ফাইনালে এবং দ্বিতীয় দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে।

প্রথম ম্যাচের পর বাংলাদেশের সামনে এখন বাকি দুই ম্যাচে নিজেদের পারফরম্যান্সে উন্নতির সুযোগ। কোচ ডুলির অধীনে দলটি কতটা সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াতে পারে, সেটিই পরের ম্যাচগুলোতে দেখার বিষয়।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top