রিয়ালের হারে ইয়ামালের ইমোজি, ফের আলোচনায় পুরোনো মন্তব্য
মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের হারের পর সতীর্থ মার্ক পুবিলের পোস্টে ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লামিনে ইয়ামাল। রিয়ালের হারে ইয়ামালের ইমোজি, ফের আলোচনায় পুরোনো মন্তব্য

স্পোর্টস ডেস্ক:- আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০
মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।
মেত্রোপলিতানোতে অ্যাতলেতিকো মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে রিয়ালকে। ম্যাচের শেষ দিকে ডিন হুইসেন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। জুলিয়ানো সিমিওনের বিপক্ষে ফাউলের পর পেনাল্টি দেওয়ার ঘটনায় হুইসেনকে বহিষ্কার করা হয়।
তবে হুইসেনের লাল কার্ডের আগেই রিয়ালের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি দলটি এবং লিগে সাত ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।
অ্যাতলেতিকোর জয়ের পর সতীর্থ মার্ক পুবিলের ম্যাচ-পরবর্তী পোস্টে কয়েকটি ইমোজি দেন ইয়ামাল। কোনো মন্তব্য করেননি তিনি।
ইয়ামালের এই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয় তার সাম্প্রতিক এক মন্তব্যের পর। হোর্হে ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, তিনি রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখেন এবং দলটি হারলে তার ভালো লাগে।
রিয়ালের হারে বার্সেলোনার অবস্থানও আরও শক্ত হয়েছে। এর আগে শনিবার সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে সাত ম্যাচে সাত জয় নিয়ে ২১ পয়েন্টে শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল।
অ্যাতলেতিকো ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় রিয়াল বেতিস। ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন চতুর্থ।



