জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নেওয়া ৬ বছরের শিশুর লাশ উদ্ধার, কিশোর আটক

নান্দাইলে যৌন নির্যাতনের চেষ্টার পর শাবলের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য; ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে

জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নেওয়া ৬ বছরের শিশুর লাশ উদ্ধার, কিশোর আটক
Nandail Model Police Station Entrance /  ছবি: সংগৃহীত

ময়মনসিংহ, ১৭ সেপ্টেম্বর: ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার কয়েক ঘণ্টা পর ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা ও হত্যার অভিযোগে একই গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আটক কিশোরের বাড়িও একই গ্রামে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সকাল ১০টার দিকে জলপাই কুড়ানোর কথা বলে ওই কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পরিবারের সদস্যরা ওই কিশোরকে জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে সে জানায়, তাদের বাড়ির টয়লেটের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী স্বজনেরা সেখানে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি শিশুটিকে তার বসতঘরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করার কথা জানিয়েছে। শিশুটি চিৎকার করলে ঘরে থাকা শাবল দিয়ে তাকে আঘাত করা হয়। এতে শিশুটির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top