সাম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩,৯২৫ কোটি টাকা তুলতে আবেদন ৭৫ হাজার আমানতকারীর
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকা তারল্য সহায়তা, আজ থেকে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম

ঢাকা: চলতি সেপ্টেম্বরের প্রথম চার দিনে সাম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত তুলতে আবেদন করেছেন প্রায় ৭৫ হাজার গ্রাহক। এসব আবেদনের বিপরীতে তারা মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা চেয়েছেন বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।
পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর গঠিত সাম্মিলিত ইসলামী ব্যাংক আজ সোমবার থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু করবে।
আমানতকারীদের অর্থ পরিশোধে সহায়তা করতে রোববার ব্যাংকটিকে ৫ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।
গত ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু করে সাম্মিলিত ইসলামী ব্যাংক। রোববার পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূত ব্যাংকটির আমানতকারীদের অর্থ ধাপে ধাপে পুরোপুরি ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে আমানতের ওপর কোনো ‘হেয়ারকাট’ বা অর্থ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের আমানতের মূলধন তুলতে পারবেন। এরপর থেকেই গ্রাহকদের কাছ থেকে অর্থ ফেরতের আবেদন নেওয়া শুরু হয়।
ব্যাংক কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে গ্রাহকদের আবেদন করতে হয়েছে। অর্থ পরিশোধের আগে এসব আবেদন যাচাই-বাছাই করা হবে।
তীব্র তারল্য সংকট ও সুশাসনের ঘাটতিতে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে সাম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। আমানতকারীদের বড় পরিসরে অর্থ ফেরতের উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার লক্ষ্য হলো আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা মেটানোর পাশাপাশি নতুন ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা।

